ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
লালন তিরোধান দিবস ঘিরে কুষ্টিয়ায় পুলিশের অভিযান, মাদকবিরোধী তৎপরতা জোরদার


কুষ্টিয়া প্রতিনিধি:বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
আগামী ১৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও মেলা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে মেলা চত্বর ও আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের মাদকদ্রব্যের সেবন, ক্রয়-বিক্রয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর ২০২৬ কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে পুলিশ সদস্যরা মেলা চত্বর ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ ও ব্যাগপত্র তল্লাশি করা হয়। লালন তিরোধান দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

