ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সদরে অবৈধ ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দিল প্রশাসন


নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সদর উপজেলায় লাইসেন্সবিহীন একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) যৌথভাবে পরিচালিত এ অভিযানে মেসার্স ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাটির কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ইটভাটাটির কার্যক্রম। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সদর উপজেলার কীর্তিনগর-ইমানপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্কেভেটর দিয়ে ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। দুমড়ে মুচরে পড়ে যায় ইটের তৈরি চিমনি। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম। এ ছাড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা। অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী পরিবেশ সুরক্ষায় লাইসেন্সবিহীন ও নিষিদ্ধ এলাকায় স্থাপিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ ও ভাঙচুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

