ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনের ঘাট নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত বা মালিকবিহীন অবস্থায় একটি একনলা দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকানো, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।সীমান্তে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

