ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 1:19 AM, October 1, 2026


কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময়

কুষ্টিয়া প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।সভায় পুলিশ সুপার উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের মতামত শোনেন।

দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।কোনো ধরনের সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত জেলা পুলিশের হটলাইন নম্বরে জানানোর জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে পরামর্শ দেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ, ডিবি পুলিশের ওসি, জেলার বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card