ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
লালন আখড়াবাড়িতে নাসির পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, ভাঙচুর করা হলো গাড়ি


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং পরে বাইরে রাখা তার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সফরসঙ্গীদের নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী আখড়াবাড়িতে প্রবেশ করেন। পরিদর্শন শেষে লালনশিল্পীদের গান পরিবেশনের স্থান ঘুরে দেখার সময় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। একপর্যায়ে তাকে ঘিরে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির বাইরে রাখা তার গাড়িতে ভাঙচুর করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে স্থানীয় কয়েকজন তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে যায়।স্থানীয়দের অভিযোগ, আখড়াবাড়ির ফটকের সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে লালন শাহের আসন্ন তিরোধান দিবসের আয়োজনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।এনসিপির কুষ্টিয়া জেলা কমিটির সদস্যসচিব আবু তালহা দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। তার অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে।তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী আখড়াবাড়িতে আসবেন এমন কোনো তথ্য পুলিশকে আগে জানানো হয়নি। আগে থেকে জানানো হলে তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।

