ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
বিজিবির বাধায় গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধা ও দৃঢ় অবস্থানের মুখে ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টার শিকার ছয়জনের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী রয়েছেন।বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে টহল দলের সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এ প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা হয়। পরে বিজিবির অধিনায়কের নির্দেশনা ও কার্যকর পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।বিজিবির ভাষ্য অনুযায়ী, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

