ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়ায় জিকে ক্যানালের জমি দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে জিকে ক্যানালের জায়গায় গাছ কেটে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে জালাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সরকারি সম্পত্তি রক্ষা ও কৃষকদের স্বার্থ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, জালাল কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের রাইনী বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম ফটিক। তিনি জিয়ারখী ইউনিয়ন এলাকায় জিকে ক্যানালের জায়গায় গাছ কেটে জমি দখল করে সেখানে দোকান স্থাপনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে সরকার কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করা এবং কৃষিকাজের উন্নয়নের লক্ষ্যে জিকে ক্যানাল খনন ও সংস্কারের কাজ করছে। এমন সময় ক্যানালের জায়গা দখল ও গাছ কাটার অভিযোগ উঠায় সংস্কারকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।তাঁদের দাবি, সরকারি সম্পত্তি রক্ষা এবং কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।এ বিষয়ে অভিযুক্ত জালালের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
স্থানীয়রা জিকে ক্যানাল কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, সরকারি জমি দখলের চেষ্টা বন্ধ এবং ক্যানালের জায়গা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

