ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে এ অভিযান চালানো হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বালু ব্যবসায়ী মো. সিদ্দিক মালিথার (৫০) টিনের ঘরের বেড়া সংলগ্ন উত্তর পাশের খালি জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এলাকায় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

