ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
মিরপুরে দুই পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে আহত ওসি, ভাঙল মোবাইল-ঘড়ি


নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে আহত হয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের পর একটি মসজিদে জামায়াতের নেতাকর্মীদের রাজনৈতিক আলোচনা করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে শনিবার বিকেলে উভয় পক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করে।পরে জামায়াতের পূর্বঘোষিত সমাবেশ চলাকালে সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ সদস্যরা এগিয়ে যান। এ সময় তাদের থামাতে গিয়ে ওসি শহিদুল ইসলাম আহত হন। তার হাতে আঘাত লাগে। একই ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোন ও হাতঘড়িও ক্ষতিগ্রস্ত হয়।আহত অবস্থায় ওসি শহিদুল ইসলামকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।এ ঘটনায় বিএনপি ও জামায়াতের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

