ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, গোপালগঞ্জে আহত ২


নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে আসা একদল ব্যক্তি পুলিশের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একদল ব্যক্তিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা হাতে পুলিশের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে তাঁদের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো ও গালাগাল করার দৃশ্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়াসহ দুজন আহত হয়েছেন।ওসি আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

