ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এসব অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন, ৫ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২২ হাজার ৮০০ টাকা।
এরপর একই রাতে রাত ১১টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২১ হাজার টাকা।
অপরদিকে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৭/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির আরেকটি টহল দল। এ সময় ৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

