ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 10:17 PM, October 7, 2026


এক ঘণ্টায় কুকুরের তাণ্ডব, কুষ্টিয়ায় ৩৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:কুষ্টিয়ার কুমারখালীতে একটি কালো কুকুরের কামড়ে মাত্র এক ঘণ্টায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক পথচারীকে কামড় দেয় কুকুরটি। আহতদের অনেকেই দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ শহরের বিভিন্ন স্থান থেকে কুকুরের কামড় ও আঁচড়ে আহতরা হাসপাতালে আসতে থাকেন। রাত সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন চিকিৎসা নিয়েছেন।কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, আহতদের মধ্যে ২৭ জনকে ইতোমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কয়েকজনের শরীরে তুলনামূলক গভীর ক্ষত রয়েছে। যারা পরে এসেছেন, তাদের বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।স্থানীয়দের ভাষ্য, কালো রঙের কুকুরটি সন্ধ্যার পর শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে মানুষকে কামড়াতে থাকে। প্রথমে হলবাজার, এরপর আমতলা ও ইন্দ্রা মোড় এলাকায় কুকুরটির অবস্থান দেখা যায়। পরে সেটি নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ার দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে আহত ব্যক্তি ও স্বজনদের ভিড়। কেউ ক্ষতস্থান সাবান-পানি দিয়ে পরিষ্কার করছেন, আবার কেউ নিচ্ছেন জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন।আহত রোকনুজ্জামান বলেন, “হলবাজারে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ কালো কুকুরটি এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, একই সময়ে বিভিন্ন এলাকা থেকে একের পর এক কুকুরের কামড়ে আহত মানুষ হাসপাতালে আসতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত কুকুরটিকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।এদিকে রাত ৮টার দিকে চড়াইকোলের হয়তাপাড়া থেকে আফজাল হোসেন নামের আরও একজন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসেন। তিনি জানান, নামাজ শেষে বাইরে বের হওয়ার পর হঠাৎ একটি কালো কুকুর তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। তাকে পরদিন হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারজওয়ার বলেন, একটি কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

Share this news as a Photo Card