ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 8:56 AM, November 7, 2026


কুষ্টিয়ায় নানা আয়োজনে দৈনিক দিনের খবরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

নিজ সংবাদ ॥ দিনব্যাপী নানা কর্মসূচি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজের মধ্যদিয়ে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৭তম বর্ষে পদার্পণ উদ্?যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সকালে কুষ্টিয়া বাইপাস সড়কের রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্টে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও পত্রিকার শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি। দিনের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাবেক সাধারণ সম্পাদক আবু জুবায়েদ রিপন, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক দিনের খবর পরিচালনা পর্ষদের উপদেষ্টা এসএম কাদেরী শাকিল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সাংবাদিক মিজানুর রহমান লাকী, পত্রিকাটির সভাপতি সাব্বির মোহাম্মদ কাদরী সাব্বু, টুয়েন্টি ফোর চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক খবরওয়ালার সম্পাদক শাহীন আহমেদ জুয়েল এবং এনটিভির প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন। মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমারের উপস্থাপনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ। সভায় বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ। সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি, মানুষের প্রত্যাশা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই একটি সংবাদপত্র পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে। বক্তারা বলেন, বর্তমান সময়ে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকতার মূল আদর্শ, নৈতিকতা ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখা জরুরি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো চাপ কিংবা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক দিনের খবর স্থানীয় জনপদের নানা সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও মানুষের কথা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে হবে। একটি সংবাদপত্রের দীর্ঘ পথচলার পেছনে সম্পাদক, সাংবাদিক, সংবাদকর্মী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অবদান থাকে। তাঁদের ভালোবাসা ও সহযোগিতাই একটি সংবাদপত্রকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার মানোন্নয়ন এবং পাঠকের চাহিদা অনুযায়ী সংবাদ পরিবেশনে আরও মনোযোগী হতে হবে। স্থানীয় সাংবাদিকতার বিকাশেও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য গুরুত্বপূর্ণ। সভাপতির বক্তব্যে দৈনিক দিনের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত অতিথি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে দৈনিক দিনের খবর ১৬ বছরের পথচলা পেরিয়ে ১৭তম বছরে পদার্পণ করেছে। আগামীতেও পত্রিকাটিকে আরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পাঠকনির্ভর গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা সভা শেষে দৈনিক দিনের খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রয়াত রিয়াজ ফেরদৌস জিল্লুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর ১৬ বছরের পথচলা পেরিয়ে ১৭তম বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই সময়ে স্থানীয় জনপদের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি পাঠকের সামনে তুলে ধরার মধ্য দিয়ে পত্রিকাটি তার প্রকাশনা কার্যক্রম অব্যাহত রেখেছে।

Share this news as a Photo Card