ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন
সত্যের পথে সংবাদের সাথে
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ১


নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, নিষিদ্ধ সিরাপ, বিভিন্ন ধরনের বিদেশি ট্যাবলেট ও পাতার বিড়িসহ মোট ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আল আমিন (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক আল আমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ নভেম্বর বিকেল ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাতিশালা ব্রিজ নামক স্থানে একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন মো. আল আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্যের ২৯ হাজার ৪০০ টাকা। এর আগে একই দিন রাত ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা উত্তর মাঠ নামক স্থানে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা। উভয় অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আসামির বিরুদ্ধে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

