ঢাকা প্রতিদিন ঢাকা প্রতিদিন

সত্যের পথে সংবাদের সাথে

প্রকাশিত: 9:40 AM, November 7, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ ১ জন আটক

নিজস্ব প্রতিনিধি :কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. শিমুল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ ও ৬ নভেম্বর ২০২৬ তারিখে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর ও রামকৃষ্ণপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে ৫ নভেম্বর দুপুর ১টা ৫ মিনিটে প্রাগপুর বিওপির একটি চৌকস দল প্রাগপুর পশ্চিম পাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ১ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ মো. শিমুলকে আটক করে। আটক শিমুল দৌলতপুর উপজেলার প্রাগপুর পশ্চিম পাড়ার মৃত সুবেদ আলীর ছেলে। এই চালানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে, ৬ নভেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মাদপুর মাঠ নামক স্থানে আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল স্কাপ সিরাপ, ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পিস সিনেগারা ট্যাবলেট এবং ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। উভয় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৫ লাখ ৬৫ হাজার ১০০ টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Share this news as a Photo Card